ঐতিহাসিক ৭ই মার্চের উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় 'ক' বিভাগে প্রথম হয়েছে নাজিফা জান্নাত সৃষ্টি। সে নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবা আবদুস সাত্তার ও মা রনজিনা খানম গণমাধ্যমকর্মী।
রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে নাজিফার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম।
এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, হিলু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম খান লুলু, সৌরভ ব্যানার্জী, নাঈমা জব্বারী বনানী, নাজমুল হাসান লিজা, আসাদ রহমান, মহিউদ্দিনসহ প্রতিযোগী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৭ই মার্চ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলাব্যাপী ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৪ মার্চ নড়াইল সদর উপজেলা পর্যায়ে প্রথম হয়ে নাজিফা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গত ৬ মার্চ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ে প্রতিযোগিতায় ক-বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথমস্থান অধিকার করে নাজিফা। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা খুলনায় অনুষ্ঠিত হবে।
নাজিফা জান্নাত সৃষ্টি নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হলেও কবিতা আবৃত্তি শিখেছে নড়াইল জেলা শিশু একাডেমিতে। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছে সে।
তার এই কৃতিত্বের জন্য জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান কবিতা আবৃত্তি শিক্ষক সৌরভ ব্যানার্জীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়াশোনার পাশাপাশি তার প্রতিভা যাতে আরো বিকশিত করতে পারে সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ওয়ালিউর রহমান।
