ভাড়ার জন্য বাস থেকে ছুড়ে ফেলা হলো প্রতিবন্ধী নারীকে!

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০২:০৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় বাস থেকে ধাক্কা দিয়ে বাকপ্রতিবন্ধী এক নারী যাত্রীকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। গত রবিবার রোহিতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার যখন দেশজুড়ে নারী দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছিল, তখন ওই ঘটনার একটি ভিডিওচিত্র ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় শুরু হয়।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামে একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা বাকপ্রতিবন্ধী ওই নারী যাত্রীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে আশপাশের লোকজন গিয়ে তাকে মাটি থেকে টেনে তোলেন। ভিডিওচিত্রে দেখা যায়, ওই নারীকে যে বাস থেকে ফেলে দেওয়া হয় তার নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

জানা গেছে, বাকপ্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলে দেওয়া বাসের চালকের সহকারীর নাম হাসান (২২)। তার বাড়ি নবাবগঞ্জের জয়কৃষ্ণ এলাকায়। আর বাসটির চালক ছিলেন সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে ওই নারী তাকে বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ টাইলসের ওপর লিখে জানান। সেখানে তিনি লেখেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’

এদিকে প্রতিবন্ধী নারী যাত্রীকে বাস থেকে ছুড়ে ফেলে আহত করার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে দাঁড়িয়ে শিক্ষার্থীসহ দোহার-নবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত