বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তখনই নারীর অধিকার পুরোপুরি সংরক্ষণ করা যাবে, যখন দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র থাকবে। পুরুষ-নারী সবাই মিলে চেষ্টা করলে দেশকে মুক্ত করা, নারীদের মুক্ত করার লক্ষ্য পূরণ সম্ভব।’
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে দুর্ভাগ্য এই জাতির, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমরা এ কথা বলতে পারি না যে, আমরা স্বাধীন। আমাদের মা-বোনেরা তারা নিরাপদে চলাফেরা করতে পারে না। তারাও বলতে পারে না যে, তারা স্বাধীন। এই সরকার সকলের স্বাধীনতা হরণ করে নিয়েছে, বাকস্বাধীনতা হরণ করেছে, তাদের মৌলিক স্বাধীনতা-গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে।’
তিনি বলেন, ‘তখনই নারীদের অধিকার সংরক্ষণ করা যাবে, যখন সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে এই দিনে আমি নারীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি এবং এই কথা বলতে চাই সকলকে যে, পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে, অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসতে হবে সবাইকে এবং আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে।’
সংক্ষিপ্ত সভা শেষে মহিলা দলের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সংবলিত ফেস্টুন নিয়ে মহিলা দলের নেত্রীরা অংশ নেন। এ সময় তারা ‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এদিকে মহিলা দলের কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকের বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয় সেখানে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।
মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সভাপতি নুরে আরা সাফা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেত্রী নেওয়াজ হালিমা আরলি, নিলুফার চৌধুরী মনি, জাহান পান্না প্রমুখ।
