রংপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: এএসআইসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৩:৩৪ পিএম

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ডিবি পুলিশের সাবেক এএসআই রাহেনুলসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পিবিআই।

মঙ্গলবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এবং মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে ৩৬৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়।

চার্জশিটে জানা যায়, রংপুরের হারাগাছ থানাধীন দশম শ্রেণির এক ছাত্রীকে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা।

এতে এজাহারনামীয় আসামি এসআই রাহেনুল ইসলাম, সুমাইয়া পারভীন মেঘলা, সুরভী আক্তার সমাপ্তি, বাবুল হোসেন এবং আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

এছাড়াও ভুক্তভোগী ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেন।

আসামিদের জবানবন্দি ও জব্দকৃত আলামতসহ ডিএনএ পরীক্ষায় দলবদ্ধ ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

এএসআই রাহেনুল ইসলাম প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগীকে ২০২০ সালের ১৮ অক্টোবর বাহার কাছনার সুমাইয়া পারভীন মেঘলার ভাড়া বাসায় সন্ধ্যা সাতটার দিকে ধর্ষণ করে ছাত্রীকে তার বাড়ির কাছে পৌঁছে দেয়।

এ বিষয়ে তার মা রাগারাগি করলে ওই ছাত্রী রাত দশটার দিকে মেঘলার বাড়িতে আবারও আসেন। 

পরে মেঘলা তার বান্ধবী সুরভী আক্তার সমাপ্তিসহ বাবুল ও কালামের সঙ্গে পরদিন সকালে তিন হাজার টাকার বিনিময়ে ধর্ষণ করান।

তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম তদন্ত শেষে এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজু, সুমাইয়া পারভীন মেঘলা এবং আসামি সুরভী আক্তার সমাপ্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে অপরাধ করার প্রাথমিক প্রমাণ পায়।

এছাড়াও অপর দুই আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৪৪ পাতার জুডিশিয়াল নথি ও ৩২৩ পাতার কেস ডকেট প্রস্তুত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানবপাচার দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন।

 রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, আইন সবার জন্য সমান। আমরা এক অপরাধী পুলিশ সদস্যের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করলাম আদালতে, আমরা মনে করি এটা একটি দৃষ্টান্ত।

ভবিষ্যতে আইনের রক্ষক হয়ে আর কেউ এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘাটবে না বলেও আশা করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত