ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী, পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করার দাবি জানিয়েছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। পাঁচ দিনের মধ্যে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আশ্বাস না পেলে পাল্টা কমিটি করার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের সড়ক বাজারে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের পর দলীয় কার্যালয়ের সামনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান কারও সঙ্গে পরামর্শ না করে গত ১৩ জানুয়ারি আখাউড়া পৌর বিএনপি এবং ২৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী, পরিশ্রমী নেতাদের বাদ দেওয়া হয়েছে। পক্ষান্তরে জাসদ, ফ্রিডম পার্টি থেকে আসা লোকজনসহ অনভিজ্ঞ, নিষ্ক্রিয় লোকজনকে বিএনপির সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিতর্কিত পৌর কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে ইতিমধ্যে ১২ জন সিনিয়র সদস্য পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফ সারোয়ার, সৈয়দ শাহ আমানউল্লাহ, খন্দকার মো. বিল্লাল হোসেন, বাহার মিয়া, শাহাদাত হোসেন লিটন প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আখাউড়া উপজেলার ত্যাগী অনেক নেতার সঙ্গে পরামর্শ করে এসব আহ্বায়ক কমিটি করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে বাদ পড়া নেতারা পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবেন।
