নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার করতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় এবং এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও ও চনপাড়া বড়বাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।
হামলাকারীরা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিনসহ তার পরিবারের পাঁচ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া বাড়িটি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে গতকাল মঙ্গলবার বড়ালুপাড়াগাঁও এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।
হামলায় আহত কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিন অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার করতে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহেদ আলী বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করে আসছেন জেমিন। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে জাহেদ আলীর নেতৃত্বে ২০-২৫ জনের একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে জেমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার মা রাশিদা বেগম ও ভাবি রিয়া আক্তার, ভাতিজি আফিফা, ভাই আহাম্মদ হাসান সৈকত এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এদিকে একই দিন রাত ১১টার দিকে পাড়াগাঁও বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে জাহেদ আলী ও কামরুজ্জামান হীরার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেছেন কয়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মিয়া।
অভিযোগের ব্যাপারে জানতে জাহেদ আলীর মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, ‘পৃথক ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
