বাসচালক-সহকারী গ্রেপ্তার

চালকের নির্দেশে সেই বাকপ্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলে সহকারী

আপডেট : ১০ মার্চ ২০২১, ০২:৫৭ এএম

ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় ওই বাসের চালক ও তার সহকারীকে আটক করেছে র‌্যাব। বাকপ্রতিবন্ধী ওই নারীর কাছে ভাড়া না থাকায় বাসের ভেতরে প্রথমে তাকে নাজেহাল করে চালকের সহকারী নাহিদ। এরপর বাসটির চালক সবুজের নির্দেশনায় চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

এর আগে গত সোমবার রাতে কেরানীগঞ্জের ধলেশ্বর সাকিন কুচিয়ামারা এলাকায় অভিযান চালিয়ে বাসটির চালক সবুজ (২৫) ও তার সহকারী নাহিদকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সময় এন মল্লিক পরিবহনের ওই বাসটিও (ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) জব্দ করেন র‌্যাব-১০ সদস্যরা।  

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী হওয়ার তার চলাচলে ভাড়ার বিষয়টি পরিবহন কর্র্তৃপক্ষ শিথিল রেখেছিল। কিন্তু ঘটনার দিন বাসে ওঠার পর তার কাছে ভাড়া না থাকায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে নাজেহাল করে চলন্ত বাস থেকে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ৭ মার্চ সকালে ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকা থেকে এন মল্লিক পরিবহনের একটি বাসে ওঠেন বাকপ্রতিবন্ধী ওই নারী। ভাড়া দিতে না পারায় রোহিতপুরে এসে চলন্ত বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর তার স্বজনরা কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ বলেন, ওই নারীকে ফেলে দেওয়ার ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ভিডিও চিত্রে দেখা যায়, ওইদিন সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামে একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে মাটি থেকে তোলে। স্থানীয়রা জানায়, বাকপ্রতিবন্ধী ওই নারী বাস থেকে ফেলে দেওয়ার কারণ টাইলসের ওপর লিখে জানিয়েছেন নিজেই। সেখানে ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত