প্রথম বুলেট নেওয়ার জন্য বুক পেতে দেব: ইশরাক

আপডেট : ১০ মার্চ ২০২১, ১০:০০ পিএম

আন্দোলন সংগ্রাম সফল করতে প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমি আমার বুক পেতে দেব বলে মন্তব্য করেছেন বিএনপি বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়ের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশারা হোসেন।

বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা নিজেদের মধ্যে মারামারি, ক্ষমতায় যাওয়ার যে একটা লালসা সেখান থেকে আমাদের মাঝে বিবাদ, বিভাজন, বিরোধ, মারামারি হানাহানি করছি। এখানে লাভ কার হচ্ছে? এখানে একটি স্বার্থবাদী গোষ্ঠী, মাফিয়া গোষ্ঠী, ভূমিদস্যু যারা বিএনপির সময় ব্যবসা করেছে, আওয়ামী লীগের সময়েও ব্যবসা করেছে, জমি দখল করেছে, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে। তারাই গরিব দুঃখী কৃষকদের সম্পদ লুটপাট করে তারা বিদেশে পাচার করে দিয়েছে।

তিনি বলেন, আমি আপনাদেরকে বলতে চাই- তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলন সংগ্রাম সফল করতে এই রক্ষীবাহিনীর পতন ঘটাতে প্রথম বুলেটটা নেওয়ার জন্য আমি আমার বুক পেতে দেব। পেছনের দিক দিয়ে পালিয়ে যাব না।

ইশরাক বলেন, জিয়াউর রহমানের যে খেতাব যেটা তিনি নিজে যুদ্ধ করে অর্জন করেছেন সেটা বাতিল করার চেষ্টা করছে সরকার। এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী যিনি আছেন তিনি জিয়াউর রহমানের কবর অন্যত্র সরানোর মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যও প্রদান করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করে আপনাদের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে আপনারা সেটা বন্ধ করুন। আমরা ভবিষ্যতে সকল জাতীয় নেতৃবৃন্দ এর প্রতি সম্মান প্রদর্শন করে জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চাই।

সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবি খান সোহেল, বরিশালের মজিবর রহমান সরোয়ার, খুলনার নজরুল ইসলাম মঞ্জু,  রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রামের শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটির তাবিথ আওয়াল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত