বাংলাদেশ সিরিজের জন্য কিউইদের ওয়ানডে দল ঘোষণা

আপডেট : ১০ মার্চ ২০২১, ১১:৪৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৩ সদস্যের দলে নতুন মুখ তিনজন।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

দুই টপ অর্ডার ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াং এবং অলরাউন্ডার ড্যারিল মিচেল প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

অবশ্য তিনজনই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন আগেই। কনওয়ে ১১টি টি-টোয়েন্টি, উইল ইয়াং ২টি টেস্ট ও ড্যারিল মিচেল ৪টি টেস্ট খেলেছেন।

উইলিয়ামসনের মতো চোটের কারণে পেসার লকি ফার্গুসন ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে দলে রাখা হয়নি। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা হওয়া স্পিনার ইশ সোধিরও নেই দলে।

২০ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ২৩ ও ২৬ মার্চ পরের দুই ওয়ানডে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

নিউজিল্যান্ড দল এক বছর হলো ওয়ানডে খেলে না। করোনা বিরতির আগে গত বছর মার্চে সিডনিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দলটি। এরপর অবশ্য টেস্ট, টি-টোয়েন্টি খেলেছে। সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা ৩-২ এ।

বাংলাদেশ করোনা বিরতি কাটিয়ে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।

কিউইদের বিপক্ষে সিরিজই হবে করোনা বিরতির পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ।

নিউজিল্যান্ড ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়াং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত