রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রফিক (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় একটি গরুর খামারে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে রফিককে মৃত ঘোষণা করেন। তিনি গরুর খামারে কাজ করতেন।
খামারের মালিক সেতু আহমেদ জানান, নিহত রফিক তার খামারের কর্মী। সকালে খামারের ভেতর বৈদ্যুতিক সুইচ চালু করার সময় সেখান থেকে বিদ্যুৎপৃষ্ট হয় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে যাত্রাবাড়ী সামাদনগরে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন মিজান (১৮), ফয়সাল (১৭) ও রোম্মান (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রফিকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর যাত্রাবাড়ীর ঘটনায় তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
