যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের গঠিত জোট কোয়াডের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ২০২২ সাল শেষ হওয়ার আগে এশিয়ার বিভিন্ন দেশে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহে সম্মত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
জোটের সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের প্রথম বৈঠকে গত শুক্রবার এ বিপুল পরিমাণ টিকা পাঠানোর প্রতিশ্রুতি আসে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। চীনের প্রভাব মোকাবিলায় ২০০৭ সালে কোয়াড গঠিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর তৎপরতা ব্যাপক বেড়েছে। চার দেশ মিলে এশিয়ায় যে টিকা সরবরাহের কথা ভাবছে, সেগুলো ভারতে উৎপাদিত হবে। এগুলো জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতীয় কোম্পানি বায়োলজিক্যাল লিমিটেড এই অতিরিক্ত ডোজগুলো বানাবে।
