অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করবে ভারত

আপডেট : ১৩ মার্চ ২০২১, ১১:৪৫ পিএম

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া গভীরভাবে পর্যালোচনা করে দেখার ঘোষণা দিয়েছে ভারত। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধা ও মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ইউরোপের কয়েকটি দেশে এ টিকার ব্যবহার স্থগিতের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার কভিড-১৯ নিয়ে গঠিত জাতীয় টাস্ক ফোর্সের সদস্য এন কে অরোরা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে পর্যালোচনার কাজ শুরু হবে।

সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ডসহ ইউরোপের ৮টি দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পরই রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এশীয় দেশ থাইল্যান্ডেও এ ধরনের বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা সামনে এসেছে। ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং থাইল্যান্ড সরকার ইতিমধ্যে ওই টিকার প্রয়োগে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির ভিত্তিতে টিকাটির ১০০ কোটি ডোজ উৎপাদনের কাজ করছে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। ভারতেও অক্সফোর্ডের টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার অরোরা দাবি করেন, ‘শুক্রবার পর্যন্ত যে ৫৯ থেকে ৬০টি মৃত্যুর ঘটনা রিপোর্ট করা হয়েছে, তার সঙ্গে টিকা নেওয়ার সম্পর্ক নেই। এগুলো আকস্মিক ঘটনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত