রশিদের ১১ উইকেট, সিরিজ ড্র করল আফগানিস্তান

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৯:২১ পিএম

টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ বা তার বেশি উইকেট শিকার করলেন রশিদ খান। হাসমতউল্লাহ শাহিদির ডাবল সেঞ্চুরি, অধিনায়ক আসগর আফগানের দেড় শ রানের ইনিংসের পর রশিদের এই বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করল আফগানিস্তান।

শনিবার আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৬ উইকেটে ম্যাচ নিজেদের করে আফগানরা।

২০১৮ সালে টেস্ট আঙিনায় পা রাখা আফগানিস্তানের এটি ছিল মাত্র ষষ্ঠ টেস্ট।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ইনিংসে আফগানদের সামনে জয়ের লক্ষ্য ছিল ১০৮ রানের। ৪ উইকেট হারিয়ে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আফগানরা। সুবাদে দুই ম্যাচের সিরিজটি ১-১ এ ড্র হয়। প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে।

রশিদ খান জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচে তার বোলিং ফিগার ৩১৫ রান খরচায় ১১ উইকেট। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন ২২ বছর বয়সী লেগি।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৫৪৫ রানের পুঁজি গড়ে আফগানিস্তান। যা টেস্ট ক্রিকেটে তাদের ছোট্ট ইতিহাসে সর্বোচ্চ। হাসমতউল্লাহ শাহিদি অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেন। এ ছাড়া অধিনায়ক আসগর আফগান খেলেন ১৬৪ রানের ইনিংস।

এরপর জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৮৭ রানে গুটিয়ে দেয় আফগানরা। তাতে ফলোঅনে পড়ে আফ্রিকার দেশটি। রশিদের তোপে দ্বিতীয় ইনিংসেও ১৪২ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি।

তবে অধিনায়ক শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানোর ব্যাটে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে দলটি তুলে ৩৬৫ রান। ফলোঅন এড়িয়ে প্রতিপক্ষকে এক শ ছাড়ানো লক্ষ্য দেয়।

তিরিপানো ক্যারিয়ার সেরা ৯৫ রানের ইনিংস খেলেন। উইলিয়ামস অপরাজিত থাকেন ১৫১ রানে। সপ্তম উইকেটে ১৮৭ রান যোগ করেন এই দুজন।

তিরিপানোকে নিজের ষষ্ঠ শিকার বানান রশিদ, ভাঙেন জুটি। এরপর ভিক্টর নিয়াচিকে ফিরিয়ে গুটিয়ে দেন জিম্বাবুয়ের ইনিংস। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অন্য প্রান্তে অপরাজিত থেকে যান উইলিয়ামস।

ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান হাসমতউল্লাহ। সিরিজসেরা শন উইলিয়ামস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত