ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেলেন ফরাহ নাছের

আপডেট : ১৫ মার্চ ২০২১, ১২:৫৮ এএম

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) আবু ফরাহ মো. নাছেরকে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিক ওই পদে নিয়োগ পান তিনি।

গতকাল রবিবার বিকালে ফরাহ নাছেরকে ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে জ্যেষ্ঠ নির্বাহী পরিচালকদের এড়িয়ে সাবেক নির্বাহী পরিচালককে ডেপুটি গভর্নর নিয়োগের উদ্যোগের খবরে গতকাল সকালে গভর্নর ফজলে কবিরের কাছে অসন্তোষ প্রকাশ করেন বর্তমান ছয় ইডি।

 ‘ডেপুটি গভর্নর নিয়োগের বিষয়টি তার হাতে নয়’ এমন অভিমত ব্যক্ত করে বিষয়টি এড়িয়ে যান ফজলে কবির।

গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় ব্যাংকের ওই ছয়জন ইডি। আধা ঘণ্টা গভর্নরের রুমে ছিলেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, ওই ছয় ইডির অনুযোগ তারা সবাই আবু ফরাহ মো. নাছেরের আগে ইডি হয়েছেন। সেই হিসেবে জ্যেষ্ঠদের টপকে সাবেক নির্বাহী পরিচালককে ডেপুটি গভর্নর করা হলে কাজের সুষ্ঠু পরিবেশ থাকবে না। কনিষ্ঠকে ‘স্যার’ সম্বোধন করতে হবে। এ ধরনের হায়রার্কি বা পদক্রম মেনে চলা কঠিন হয়।

জানা গেছে, আবু ফরাহ মো. নাছের চাকরির বয়সসীমা শেষ হওয়ায় গত ফেব্রুয়ারিতে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যান। এর আগ পর্যন্ত তিনি নির্বাহী পরিচালক-১১ এর দায়িত্ব পালন করেন। সেই হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তার জ্যেষ্ঠ ১০ জন নির্বাহী পরিচালক ছিলেন।

জানতে চাইলে ওই ছয়জন নির্বাহী পরিচালকের একজন নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে কখনো কাউকে পিআরএল থেকে ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়নি। এটা রীতিবিরোধী। তাছাড়া জ্যেষ্ঠদের টপকে কনিষ্ঠ কাউকে ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়ারও নজির নেই।’

প্রসঙ্গত, ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ নির্বাহী পদ নির্বাহী পরিচালক। ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সংস্থাটির কর্মকর্তারা ওই পদ পর্যন্ত পৌঁছাতে পারেন। গভর্নর ও ডেপুটি গভর্নর পদ দুটি বাংলাদেশ ব্যাংক অর্ডার দ্বারা সংরক্ষিত পদ। এই পদে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এক বছর পিআরএলে থাকার পরও ডেপুটি গভর্নর হয়েছিলেন। তাছাড়া সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাও নির্বাহী পরিচালক-৬ হিসেবে কর্মরত থাকা অবস্থায় ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছিলেন।

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত রয়েছেন তিন জন। এরা হলেন আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান ও এ কে এম সাজেদুর রহমান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত