লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। গত শনিবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। রবিবার রাতে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন এ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
এর আগে একযোগে সারাদেশে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে তা বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি।
এদিকে আগামী ১৭ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে সমাবেশ হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। রবিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পাশাপাশি চট্টগ্রামের সমাবেশও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভার্চুয়াল সভায় জানিয়েছেন তারেক রহমান।
দলের এ সিদ্ধান্তের কথা দেশ রূপান্তরকে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া মহানগরের এক নেতা।
