ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল-সহকারী শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২১, ১১:২৮ এএম

ফেনীর পরশুরাম উপজেলার মাধ্যম মালিপাথরের তালিমূল কোরআন নুরানী মাদ্রাসার এক শিশু ছাত্রীকে (৮) যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার সহকারী শিক্ষক মো. কাউসার হাবিব (২৫) ও প্রিন্সিপাল মাওলানা অলি উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে পরশুরাম মডেল থানা-পুলিশ।

রবিবার স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম ও চেয়ারম্যান জসিম উদ্দিনের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের মতো যথারীতি তার মেয়ে গত মঙ্গলবার মাদ্রাসায় গেলে দুপরে অভিযুক্ত কাউসার হাবিব চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে মাদ্রাসার পাশে নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাড়িতে গিয়ে সে তার মাকে ঘটনার বিস্তারিত বলে কান্নায় ভেঙে পড়ে।

পরবর্তীতে তিনি মাদ্রাসা গিয়ে প্রিন্সিপালকে জানালে তিনি বিস্তারিত শুনে বিষয়টি দেখবেন বলে জানান। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানালে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে তাদের পুলিশের হাতে সোপর্দ করে।

জানা যায়, অভিযুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক কাউসার হাবিব নওগাঁ জেলার চকগোপাল এলাকার আবদুল হামিদের ছেলে। অভিযুক্ত অপর আসামি মাওলানা অলি উল্লাহ ফিরোজপুর জেলার ওয়াহেদাবাদ এলাকার হাজী আব্দুল মাজেদের ছেলে।

পরশুরাম থানার এসআই মোস্তাক বলেন, রবিবার দুপুর ১২টার দিকে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞা মুঠোফোনে কল দিয়ে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে আসামিদের মাদ্রাসা কক্ষের সামনে থেকে গ্রেপ্তার করি এবং এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত