বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। জানুয়ারির শেষদিক থেকে নভেম্বর-ডিসেম্বরের তুলনায় শনাক্ত হওয়া রোগী ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে শুরু করলেও চলতি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে মহামারীর প্রকোপ। চলতি মাসের প্রথম ১৫ দিনেই বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলের শনাক্ত হয়েছে ৬১ লাখ ২৭ হাজার ৬৩১ জন করোনা রোগী। এ সময়ের মধ্যে আক্রান্তদের মধ্যে মারা গেছে অন্তত ১ লাখ ২৭ হাজার ৪১১ জন। আলোচ্য সময়ের মধ্যে অবশ্য ৫৯ লাখ ৭২ হাজার ৭৩১ জন আরোগ্য লাভ করেছে।
বিশেষজ্ঞরা বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন কয়েকটি ধরন ছড়িয়ে পড়ায় ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও সংক্রমণ বাড়ার একটি কারণ। এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে শনাক্ত হয়েছে প্রায় ১২ কোটি ৯ লাখ মানুষ। এ সময়ে মারা গেছে ২৬ লাখ ৭২ হাজারের বেশি।
গতকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
