আশুলিয়ায় পিকআপভ্যান ও মিনিবাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, সকাল ৯টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় একটি সবজিবাহী পিকআপের সঙ্গে যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অন্তত ১৫ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করি। তবে এ ঘটনায় মারা যাওয়ার কোনো খবর এখনো পাওয়া যায়নি।
এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
