পঞ্চগড়ে মৃত অবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে আটোয়ারি থানা পুলিশ। বুধবার দুপুরে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকা থেকে মৃত অবস্থায় নীলগাইটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলা প্রাণীসম্পদ অফিসের কাছে হস্তান্তর করে পুলিশ।
মৃত ওই নীলগাইটির ময়নাতদন্তের পর স্থানীয় বন কর্মকর্তার অধীনে সেটিকে ঢাকায় সংরক্ষণের সিদ্ধান্ত নিতে হস্তান্তর করা হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বুধবার দুপুরে আটোয়ারি উপজেলার তোড়েয়া ইউনিয়নের দারখোর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নীলগাইটি বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা নীলগাইটিকে দেখে ধাওয়া দেয়। পরে নীলগাইটি ওই এলাকা থেকে পালিয়ে প্রায় কয়েক কিলোমিটার অতিক্রম করে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের খচপাড়া এলাকায় গিয়ে আশ্রয় নেয়। স্থানীয়রা নীলগাইটিকে আহত অবস্থায় উদ্ধার করে। আটোয়ারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে শ্বাসকষ্টে নীলগাইটি মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, নীলগাই উদ্ধার হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই শ্বাসকষ্টে নীল গাইটি মারা যায়। পরে আমরা বন বিভাগের কাছে নীলগাইটির মৃতদেহ হস্তান্তর করি।
বন বিভাগের জেলা রেঞ্জ কর্মকর্তা ঋষি কেশ জানায়, মৃত অবস্থায় একটি নীল গাই পাওয়া গেছে। আটোয়ারি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ ওই নীল গাইটির ময়নাতদন্ত করেছেন। দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে নীলগাইটিকে ঢাকার বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরে সংরক্ষণ করার কথা রয়েছে। মূলত নীলগাই বাংলাদেশের একটি বিলুপ্ত প্রজাতির প্রাণী। বাংলাদেশে তেমন দেখা না গেলেও ভারতের কিছু কিছু জায়গায় দেখা যায়। মৃত নীলগাইটির ময়নাতদন্তের করে রিপোর্টে জানা যাবে কী কারণে মারা গেছে।
তবে প্রাথমিকভাবে শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে বলে ধারণা করছেন তিনি।
