সুনামগঞ্জে হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হককে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াপাড়ার একটি গ্রাম ঘেরাওয়ের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয় ফেইসবুকে পোস্ট দেওয়া ঝুমন দাস নামের ওই যুবককে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সুনামগঞ্জের দিরাই শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজত ইসলামের নেতারা। এরপর ঝুমন দাস আপন মামুনুল হককে নিয়ে তার ফেইসবুক আইডি থেকে পোস্ট দিলে মঙ্গলবার রাতে তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই ওই যুবকের পোস্ট ঘিরে দিরাই শাল্লা উপজেলার কয়েক হাজার মানুষ হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম ঘেরাও করে রাখে। ঘেরাওয়ের পর ওই গ্রাম মানুষ শূন্য হয়ে যায়। এ সময় গ্রামের মন্দিরসহ অর্ধশতাধিক বাড়ি ঘরে ঢুকে হামলা, লুটপাটের অভিযোগ করেন স্থানীয়রা।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুক স্ট্যাটাস দেওয়ায় গ্রামে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার রাতেই স্ট্যাটাস দেওয়া ঝুমন দাস আপনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘেরাওয়ের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনা হবে।
