ব্যবহারকারীরা এবার চাইলেই নিজের বাসার রাস্তা গুগলে যোগ করতে পারবেন। টেক জায়ান্ট কোম্পানিটি এবার নিয়ে এসেছে এমনই এক ফিচার। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। গুগল ম্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা এঁকে তার নামকরণও করা যাবে। এছাড়া রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধাও মিলবে এই ফিচারে। গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসেবে থাকবে যা একেবারে মাইক্রোসফট পেইন্টের লাইন টুলের মতো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী মাসে কমপক্ষে ৮০টি দেশে এই ফিচার চলে আসবে। ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে গুগলের পক্ষ থেকে বেশকিছু গাইডলাইনস মেনে চলতে হবে ব্যবহারকারীদের। আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা যোগ করার পর সেগুলো নিয়ে ৭ দিন রিভিউ করা হবে। পাশাপাশি, ‘ফটো আপডেটস’ নামে আরও একটি নতুন ফিচারও আনছে প্রতিষ্ঠানটি। এই ফিচারে যেকোনো স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট করে রিভিউও লেখা যাবে।
