বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট নারী প্রকৌশলী

আপডেট : ২০ মার্চ ২০২১, ১১:৪২ পিএম

অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাস্সুম (২৪) গাজীপুর মহানগরের সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে এবং গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ৬ নং জোনের (বাসন) উপ-সহকারী প্রকৌশলী।

জিএমপির বাসন থানার এসআই আল আমিন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার অফিস থেকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনিকা।

এ ঘটনায় নিহতের সঙ্গী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এসআই আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত