প্রতিবাদের মুখে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের জায়গাটিতে ফিরছে অমর একুশে বইমেলার লিটলম্যাগ চত্বর।
গতবারের বইমেলায় লিটলম্যাগ চত্বরটি এখানেই ছিল। কিন্তু এবার মেলা মাঠের পূর্ব দিকে লেখক বলছি মঞ্চের পেছনে লিটলম্যাগ চত্বরে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়।
এ পরিস্থিতিতে মেলা থেকে বিচ্ছিন্ন করে লিটলম্যাগ চত্বরটি করা হয়েছে বলে অভিযোগ তোলেন লিটলম্যাগ প্রকাশক, সম্পাদক ও লিটলম্যাগ কর্মীরা। রবিবার লিটলম্যাগ চত্বরের সকল স্টল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একই সাথে গতবারের জায়গাতে লিটলম্যাগ চত্বর স্থানান্তরের দাবি তুলে আন্দোলনের প্রস্তুতি নেন তারা।
এরই প্রেক্ষিতে আজ দুপুরে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি লিটলম্যাগকর্মীদের দাবি মেনে নেয়ার কথা জানায়। লিটলম্যাগ চত্বরের দায়িত্বে থাকা বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান দেশ রূপান্তরকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের পাশের জায়গাটিতে লিটলম্যাগ চত্বর স্থানান্তর করা হচ্ছে।
