আইপিএলে সাকিবের খেলার অনুমতি পুনর্বিবেচনা করবে বিসিবি

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৯:৪৩ পিএম

দেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেওয়া সাকিব আল হাসান নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিসিবিকে দেওয়া চিঠির কোথাও তিনি লিখেননি তিনি টেস্ট খেলতে চান না​। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান চিঠি না পড়েই মিডিয়ায় বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তার।

এর প্রেক্ষিতে মুখ খুললেন আকরাম। বিসিবির অন্যতম এই পরিচালক বললেন, ‘সাকিবের আইপিএলে খেলার অনুমতি পুনর্বিবেচনা করা হবে।’

রবিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন সংস্থার বেশ ক’জন শীর্ষ পরিচালক। সভাশেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম খান।

এ সময় চিঠি প্রসঙ্গে সাকিবের বক্তব্যর বিষয়ে বলেন, ‘সাকিবের ইন্টারভিউ এখনো পুরোপুরি দেখিনি… অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে, ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি। আপনারা অনেকে আজ ফোন করেছেন। তাহলে ঠিক আছে, আমি হয়তো ভুল বুঝতে পারি। ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথায় বোঝা গেছে। তাহলে কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে কথা বলে (আইপিএলের) এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে চিন্তা করব।’

শনিবার একটি সংবাদমাধ্যমের ফেইসবুক লাইভ অনুষ্ঠানে ‍যুক্ত হয়ে সাকিব বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা।’

সাকিব বলে যান, ‘আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু আমার চিঠিতে উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’

ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের দিকে আঙুল তুলে বলেন, ‘আকরাম ভাই বারবার বলেছে, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি।… আকরাম ভাই বারবার যে বলছেন, টেস্ট খেলতে চাই না, সেটা আমার চিঠির কোথাও উল্লেখ করা নেই।’

সাকিব সমালোচনা করেন বোর্ডের বিভিন্ন কার্যক্রমেরও। স্বাভাবিকভাবেই সাকিবের এসব মন্তব্যে আলোচনা-সমালোচনার ঝড় বইতে থাকে। তবে আকরাম বলেন, পুরো ভিডিও এখনো দেখেননি তিনি। না দেখে বাকি বিষয়গুলো নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

বিসিবি সভাপতি নিজ বাসায় বোর্ড সদস্যদের সঙ্গে যে বৈঠক করেছেন, সেটি সাকিব ইস্যুতে ছিল না বলেও জানান আকরাম। বলেন, ‘আজকে যে আমরা বৈঠকে বসেছি, আমরা কিন্তু ওই ব্যাপারে বসিনি। আমাদের মূলত মিটিং ছিল জাতীয় দলের ব্যাপারে। দল এখন নিউজিল্যান্ডে। আগামী ৬-৭ দিনের মধ্যে ওয়ানডে, টি-টোয়েন্টিগুলো আছে। এসব ব্যাপার নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। এটাও চিন্তা করেছি যেন আমাদের কোনো ব্যাপার নিয়ে দলের মধ্যে প্রভাব না পড়ে।’

সাকিব সরাসরি আরকাম খানের বিষয়ে অভিযোগ করেছেন, যিনি বোর্ডের গুরুত্বপূর্ণ একটি কমিটির প্রধান। এ বিষয়টি কিভাবে দেখছেন আকরাম? এমন প্রশ্নে আকরামের উত্তর, ‘আমার তো শুধু সাকিবকে নিয়ে দায়িত্ব না, আমার দায়িত্ব পুরো বাংলাদেশ দলকে নিয়ে। আমি তো এত বড় একটা দায়িত্বে আছি, অনেক দিন ধরেই এ দায়িত্বে আছি। তো ও যদি মনে করে, চিঠি ঠিকভাবে পড়িনি... ওটাই বললাম, আমরা তো শ্রীলঙ্কা যাচ্ছি দুইটা টেস্ট খেলতে। ওখানে তো আমাদের ওয়ানডে, টি-টোয়েন্টি নাই। সে ওটার (টেস্ট) জন্যই ছুটি চেয়েছে। এখন সে টেস্ট খেলতে চায়, তাহলে খেলবে। আমরা তাহলে ওর এনওসির ব্যাপার নিয়ে চিন্তা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত