বাটলার-কোহলির ঝগড়া নিয়ে মুখ খুললেন মরগান

আপডেট : ২২ মার্চ ২০২১, ১০:১৫ পিএম

ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলি ও জস বাটলারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। যা নিয়ে এবার মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

তবে মরগান বলছেন আসলে কী ঘটেছে তা তিনি জানেন না, ‘‌ঠিক কী হয়েছিল, সেটা সঠিক ভাবে জানি না। তবে এটা ঠিক, ম্যাচ চলাকালীন কোহলি ভীষণ আগ্রাসী মেজাজে থাকে। আবেগপ্রবণও হয়ে পড়ে। অনেক সময়েই টানটান উত্তেজনার ম্যাচে ক্রিকেটাররা তর্ক–বিতর্কে জড়িয়েই থাকে। সেটা অস্বাভাবিকও নয়। ওদের মধ্যে সে রকমই কিছু হয়েছিল বলে আমার মনে হয়।’

তা কি ঘটেছিল সেদিন? জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের সামনে। মরগানের দলের রান তখন ১২.৪ ওভারে ১ উইকেটে ১৩০। এমন সময়েই কিনা ছন্দপতন হলো ইংল্যান্ডের ইনিংসে। ভুবনেশ্বর কুমারের পরের বলেই হার্দিক পান্ডিয়ার কাছে ক্যাচ দিয়ে ফেরেন বাটলার।

বাটলারের উইকেট পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান বিরাট কোহলি। উইকেট পাওয়ার উদ্‌যাপনটাও ছিল একটু উন্মত্ত! ভারতের অধিনায়কের অমন উদ্‌যাপন হয়তো ভালো লাগেনি বাটলারের।

ইংল্যান্ডের ব্যাটসম্যান প্যাভিলিয়নে যাওয়ার সময় কী মনে করে যেন একটু দাঁড়ালেন। কোহলিকে উদ্দেশ করে কী যেন বললেন।

কোহলি কি আর ছেড়ে দেওয়ার পাত্র! বাটলারের দিকে এগিয়ে গেলেন তিনি। জড়িয়ে পড়লেন কথার লড়াইয়ে। খানিকক্ষণ চলল তাদের দুজনের সেই কথার লড়াই। পরে অবশ্য আম্পায়ারের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়ায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত