আত্মঘাতী গোল থেকে প্রথমার্ধে লিড পেয়েছিল বাংলাদেশ। সেই লিড ধরে রেখে কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে জয় তুলে নিল জামাল ভূঁইয়ারা। তাতে নেপালে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে জেমি ডের দলের মিশন শুরু হলো পূর্ণ তিন পয়েন্ট আদায়ের মধ্য দিয়ে।
মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম পর্বের ম্যাচে কিরগিজদের ১-০ গোলে হারায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া ছিল কিরগিজস্তান। তাই বাংলাদেশের ডিফেন্ডারদের দিতে হয়েছে শক্ত পরীক্ষা। সেই পরীক্ষায় শেষ পর্যন্ত উতরেই গেছেন বিশ্বনাথরা। গোলরক্ষক আনিসুর রহমান জিকোও দারুণ সব সেইভ করেছেন।
আগের দিন দলের সঙ্গে যোগ দেওয়া নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে জেমি ডে শুরুর একাদশে রাখেননি। তাই অধিনায়কের আর্মব্যান্ড ছিল মিডফিল্ডার সোহেল রানার হাতে।
সেরা একাদশে তিন নতুন মুখকে সুযোগ করে দেন জেমি। তারা হলেন- ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল, ডিফেন্ডার রিমন হোসেন ও হাবিবুর রহমান সোহাগ।
প্রথমার্ধের ২৯ মিনিটে বাংলাদেশের আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালে বল ঠেলে দেয় কিরগিজস্তান। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিন বক্সের মাঝে বল ফেলেছিলেন। তার বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন কিরগিজ ডিফেন্ডার কুমারবাচ।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ ও সোহাগকে তুলে নামান জামাল, রাকিব হোসেন ও রিয়াদুল ইসলাম রাফিকে। এরপর ৬৪তম মিনিটে রয়েলকে তুলে মাঠে নামান মানিক হোসেন মোল্লাকে। এই পরিবর্তনগুলোতে বাংলাদেশ ম্যাচে আরো দাপট দেখাতে থাকে।
আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এরপর সেরা দুটি দল খেলবে ফাইনাল। বাংলাদেশ এ জয়ের সুবাদে ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল।
শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এর আগে বৃহস্পতিবার নেপাল খেলবে কিরগিজস্তানের বিপক্ষে।
