স্বামীকে মোটরসাইকেল দিতে রাজি না হওয়ায় মাকে গলা কেটে হত্যা!

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:৫৮ এএম

নাটোরের গুরুদাসপুরে স্বামীর জন্য মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে মা সেলিনা বেগমকে (৪৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ে ববি আক্তারের বিরুদ্ধে। গত সোমবার বিকেলে পৌর সদরের উত্তর নাড়িবাড়ী গ্রামের নিজ বাড়িতে সেলিনা বেগমকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনার পর পুলিশ ববিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ববি তার মাকে হত্যার কথা স্বীকার করেছে।

নিহত সেলিনা বেগম উত্তর নাড়িবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে সেলিনা বেগম হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সেখানে পুলিশ কর্মকর্তারা বলেন, সোমবার সকালে ববি মায়ের কাছে তার স্বামীর জন্য মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য ১ লাখ টাকা দাবি করে। এ নিয়ে মা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ববি ব্লেড দিয়ে গলা কেটে তার মাকে হত্যা করে। পরে ওইদিন সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। তার ছোট মেয়ে ববি বাসায় ছিল। পরে সন্ধ্যার আগে তিনি স্ত্রী হত্যার খবর জানতে পারেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ববি আমার বাড়ির ভাড়াটিয়া শিরিন শিলাকে নিয়ে কৌশলে কাপড় কিনতে পাশের দোকানে যায়। বাজার থেকে ফিরে এসে কে বা কারা তার মাকে খুন করেছে বলে নাটক সাজিয়ে কান্নাকাটি শুরু করে এবং আমার ভাইদের নাম বলতে থাকে।’

সিংড়া-গুরুদাসপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, নিহত সেলিনার ছোট মেয়ে ববি অসংগতিপূর্ণ কথাবার্তা বলায় সন্দেহ জাগলে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শুরু করা হয়। আর ববির পরিহিত কাপড়চোপড় পরিষ্কারের জন্য বালতিতে রাখা অবস্থায় পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ববি মাকে হত্যার কথা স্বীকার করে। এরপর পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ববির ভ্যানিটি ব্যাগ থেকে ৯ ভরি সোনা ও ১৬ হাজার ৭৬০ টাকা পায়।

গুরুদাসপুর থানার ওসি আবদুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত সেলিনার ছোট মেয়ে ববি তার মাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। স্বামীকে মোটরসাইকেল দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সে ওই হত্যার ঘটনা ঘটিয়েছে।’

সেলিনা হত্যার ঘটনায় তার বড় ভাই সুলতান আহমেদ খান বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত