রিট আবেদন খারিজ

২ এপ্রিলেই মেডিকেলের ভর্তি পরীক্ষা

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:২৮ এএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষ কোর্সের (২০২০-২০২১) ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদনটি খারিজ হয়ে গেছে। গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়। ফলে নির্ধারিত তারিখেই (আগামী ২ এপ্রিল) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আবেদনটি খারিজ হয়ে যাওয়ায় এখন নির্ধারিত তারিখেই মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

গত সোমবার এক পরীক্ষার্থীর পক্ষে হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। এতে শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতিকে বিবাদী করা হয়। রিটকারীর আইনজীবী তখন জানান, পরীক্ষার তারিখ ২ এপ্রিল নির্ধারণ করে গত ৭ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়। ওই সময় করোনার প্রকোপ কম থাকলেও এখন তা বেড়েছে। মহামারীর পরিস্থিতির কারণে এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়নি। তাই মেডিকেলে ভর্তি পরীক্ষা স্থগিত এবং করোনার প্রকোপ কমলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই সময়ে পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয় রিট আবেদনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত