নতুন বলে তামিমদের সতর্ক থাকতে বললেন ব্যাটিং কোচ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০৫:৩৮ পিএম

বাংলাদেশি ক্রিকেটাররা যে কথাটা বহুবার শুনেছেন, সেটি আরেকবার আওড়ালেন ব্যাটিং কোচ। তৃতীয় ম্যাচের আগে জোনাথান লুইস বলেছেন, নতুন বলে বাংলাদেশি খেলোয়াড়দের আরও সতর্ক থাকতে হবে।

ওয়েলিংটনে আগামীকাল শুক্রবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। বেসিন রিজার্ভে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় লুইস বলেন, ‘আমরা যদি আগে ব্যাট করি, তাহলে (নতুন) বল কী করতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের দলে ট্রেন্ট বোল্ট আছে এবং (টিম) সাউদি যদি একাদশে ফেরে... তারা খুব ভালো মানের পারফর্মার।’

‘তারা যেন শুরুতে ক্ষতি না করতে পারে, আমাদের তা নিশ্চিত করতে হবে। আর যদি আমরা বড় লক্ষ্য তাড়া করি, তাহলে পাওয়ার প্লের সুবিধা নিতে হবে আমাদের। কিছু ঝুঁকি নিতে হবে, বড় শট খেলতে হবে।’

ডানেডিনে বিবর্ণ ব্যাটিংয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা ক্রাইস্টচার্চে তোলে ২৭১ রান। পরে ক্যাচ মিস, ফিল্ডিং মিসের মহড়া দিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটে হার মানে তারা।

এতে আফসোস থাকলেও লুইস জানালেন, সঠিক পথে হাঁটতে শুরু করেছেন ব্যাটসম্যানরা, ‘ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ে ভালো কিছুর প্রচেষ্টায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। যদিও ডানেডিনে ভালো যায়নি। আর সেখানে আমরা টস হেরে গিয়েছিলাম এবং শুরুর সময়টা বোলিংয়ের জন্য ভালো ছিল। তবে ক্রাইস্টচার্চের উইকেটটি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগের চেয়ে ভালো ছিল।’

‘প্রস্তুতির সময়ে ছেলেরা যা যা করেছিল, তারা (মাঠে) সেসবের প্রতিফলন রেখেছিল। তারপরও এটা পর্যাপ্ত হয়নি। কারণ, আমরা যে ফলটি চেয়েছি, তা আমরা পাইনি। তবে অন্তত সঠিক দিকে একটি পদক্ষেপ ছিল এটা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত