সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে যে কথিত ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনা ঘটেছিল সেই স্ট্যাটাসদাতা ঝুমন দাশ আপনের (২৮) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত সোমবার রাতে শাল্লা থানায় এ মামলা নথিভুক্ত করা হয় বলে জানিয়েছেন শাল্লা থানার ওসি নাজমুল হক।
জানা গেছে, ঝুমনের বিরুদ্ধে করা মামলার বাদী হয়েছেন শাল্লা থানার এসআই মো. আবদুল করিম। ওই মামলায় ঝুমন দাশকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে নিজের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগে ঝুমন দাশের মা নিভারানী দাশ গতকাল বৃহস্পতিবার দুপুরে শাল্লা থানায় একটি মামলার আবেদন জমা দিয়েছেন।
