স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে রাজধানীর বিভিন্ন স্থানে দেশাত্মবোধক ও স্বাধীনতার গান পরিবেশন করেছে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পী দল।
গতকাল শুক্রবার সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন অ্যাম্পিথিয়েটার গেইট থেকে সুসজ্জিত ট্রাকযোগে শুরু হয় এই সংগীতায়োজন। পরে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ চত্বর, জাতীয় প্রেস ক্লাব, ফার্মগেইট, ধানম-ি বত্রিশ নম্বর শেখ রাসেল স্কোয়ার এবং মিরপুর এলাকায় গান গেয়ে শোনান অধিদপ্তরের শিল্পীরা।
ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়ামসহ বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক দেশ ও স্বাধীনতার গান গেয়ে যান তারা। এ সময় শ্রোতা-দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজধানীর এসব জায়গায় সংগীত পরিবেশনের পর শিল্পী দল চলে যায় হাতিরঝিলে। সেখানে সুসজ্জিত ওয়াটার বাসযোগে এফডিসি গেইট থেকে শুরু করে তেজগাঁও, বেগুনবাড়ি, গুলশান, রামপুরা, মেরুল বাড্ডা ও কুনিপাড়া এলাকায় সংগীত পরিবেশন করা হয়।
এ প্রসঙ্গে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার বলেন, ‘এ বছর আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। একই সঙ্গে এই বছরটি আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশেষ এই দুটি ক্ষণকে বিবেচনায় রেখে এবার আমাদের ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনায় আনা হয়েছে ভিন্নমাত্রা।’
গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. মনিরুজ্জামান বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা এ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছি। এখানে যারা গান গাইছেন তাদের অধিকাংশ গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব সংগীতশিল্পী, অতিথি শিল্পী হিসেবে বাংলাদেশ বেতারের কয়েজন সংগীতশিল্পীও রয়েছেন।’ বিজ্ঞপ্তি।
