ইসরায়েলে ৫ আসন পেয়েও কদর বেড়েছে যে ইসলামপন্থী দলের

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৯:২৮ এএম

ইসরায়েলের রাজনীতিতে হঠাৎ কিংমেকার হয়ে উঠেছে রাম নামে একটি ইসলামপন্থী আরব দল। ইউনাইটেড আরব লিস্ট হিসেবেও পরিচিত তারা।

এবারের নির্বাচনে পাঁচটি আসনে জয় পেয়েছে দলটি-যা বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় রাখা বা ক্ষমতা থেকে বিদায় করে দিতে ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে।

মূল ব্যাপার হল গত দুই বছরের মধ্যে চতুর্থবারের মতো একই সমস্যা হচ্ছে ইসরায়েলে-নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনীয় আসনের জন্য হাহাকার করতে হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে।

প্রধানমন্ত্রী বা তার প্রতিপক্ষ-কেউই আসলে ক্ষমতায় যাওয়ার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি।

রক্ষণশীল মুসলিম মানসুর আব্বাসের নেতৃত্বে রাম দলটি ফিলিস্তিনের গাজা শাসন করা হামাসের ধর্মীয় ভাবধারায় গড়ে ওঠা একটি ইসলামপন্থী দল।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত দলটি শুরু থেকে ইসরায়েলের পার্লামেন্ট আসন পেয়ে আসছে।

যদিও ২০০৯ সালের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ। পরে সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।

২০২০ সালে ইসরায়েলের আরব রাজনৈতিক দলগুলোর জোট- জয়েন্ট আরব লিস্টের অংশ ছিলো যারা নজিরবিহীন ভাবে পনেরটি সিট পেয়েছে পার্লামেন্টে।

তবে একাই নির্বাচনে লড়ার জন্য চলতি বছরের ২৮শে জানুয়ারি ওই জোট ছেড়ে আসে রাম।

আরব সম্প্রদায়ের সামগ্রিক দরকষাকষির ক্ষমতাকে হুমকির মুখে ফেললেও এ সিদ্ধান্ত দলটির ‘কিংমেকার’ হয়ে ওঠার পথও তৈরি করে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত