বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে বিএনপি-জামাত চক্রের দেশজুড়ে তান্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিভিন্ন জেলা-উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
গাজীপুর : দুপুরে জেলা যুবলীগের আহ্বায়ক এস.এম আলতাফ হোসেনের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
রাঙ্গামাটি : সকালে রাঙ্গামাটি পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানিকগঞ্জ : দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কটি প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করে। জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, প্রমুখ এতে বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি : দুপুরে নারিকেল বাগান আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল প্রমুখ।
লক্ষ্মীপুর : বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশে মিলিত হয়।
নোয়াখালী : বিকেলে মিছিলে নেতৃত্ব দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।
আনোয়ারা (চট্টগ্রাম) : বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। উপজেলার কাফকো হাউজিং গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বন্দর কমিউনিটি সেন্টার চত্বরে সমাবেশে মিলিত হয়।
