ক্রিকেট বোর্ডে বিভিন্ন দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কয়েকজন ক্রিকেটার। সম্প্রতি তাদের দায়িত্বের সমালোচনা করেছেন সাবেক দুই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। তবে দুজনই আবার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজনের পক্ষে কথা বলেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল মাশরাফী-সাকিবের সমালোচনার বিষয়ে। সুজন বললেন, সাকিব-মাশরাফীর কথাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই। এগুলো সাধারণ বিষয়।
গতকাল মিরপুর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দুজনই আমাদের দেশের আইকন। মাশরাফী বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন লিজেন্ড। আর সাকিব তো বিশ্বসেরা। সবারই ভালোবাসা থাকে, ক্ষোভ থাকে, দুঃখও থাকে হয়তো-বা। কোনো দুঃখ থেকে এ কথাগুলো আসছে কি না আমি জানি না। তবে কথাগুলো একটু বিব্রতকর অবশ্যই। বোর্ডের যারা আছে সবাই চেষ্টা করে। অনেক সময় সাকসেস আসে, অনেক সময় আসে না। তাই ওগুলোকে ওদের ব্যক্তিগত অভিমত মনে করি আমি। এটাকে আমরা যতটা গুরুত্ব দিচ্ছি, ততটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। খুবই সামান্য বিষয়, যেটা আলোচনার মাধ্যমে সঠিকভাবে ঠিক করে ফেলা যায়।’
সুজন কথা বলেন সাকিবের আইপিএল খেলতে যাওয়ার প্রসঙ্গেও ‘এখানে খারাপ কিছু তো নেই। কারণ, আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেটা টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা টুর্নামেন্ট। বিশ্বের সেরা ক্রিকেটাররাই ওখানে খেলে। তো ওদের অভিজ্ঞতাটা তো অবশ্যই সাকিবের কাজে লাগবে।’
