বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবসের মতো একটি আনন্দঘন দিনে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করার ঘটনাকে জাতির জন্য দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। জাতীয় জীবনে এমন অভূতপূর্ব ঘটনা জনসমর্থনহীন সরকারের স্বৈরাচারী চরিত্রের বহির্প্রকাশ।’ গতকাল শনিবার রাতে ২০-দলীয় জোটের মুখপাত্র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিদাতা নেতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়েখ মাওলানা জিয়া উদ্দিন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আবদুর রকীব, বাংলাদেশ পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী, এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিম, বাংলাদেশ সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী।
