পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চারজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলমসহ দলীয় নেতারা।
বহিষ্কৃতরা হলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আনোয়ার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম গাউস তালুকদার নিপু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান ও আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন।
