রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গুলিবিদ্ধ প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তার মৃত্যু হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটু এগিয়ে তার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল গনি ইউনিয়ন পরিষদের গেটের পাশে দোকান থেকে চা খেয়ে বাড়ির ফেরার পথে মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাকে গুলি করে। গুলিটি পেটের একপাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এর আগে গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।
