যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৯ এপ্রিল ছয় ঘণ্টার সফরে ঢাকায় আসছেন। জলবায়ুবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে তিনি আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জন কেরির সফরের বিষয়টি নিশ্চিত করেন।
২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ুবিষয়ক সম্মেলন হতে যাচ্ছে। করোনার কারণে এ বছর এটি ভার্চুয়ালি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন। সেটি নিয়ে আলোচনা করতেই জন কেরির এ সফর।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্মেলনের আয়োজন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাছাড়া আমরা (বাংলাদেশ) ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি। এ কারণেই বিষয়গুলো নিয়ে জন কেরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে সেই প্রসঙ্গেও আলোচনা হবে।
