নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও করোনা সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা করেছে। গতকাল শুক্রবার বিকেলে নাওড়ার চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন স্বনির্ভর হয়েছে, উন্নয়ন আর অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সোনার বাংলা, তখন স্বাধীনতাবিরোধী শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। হরতাল-জ্বালাও-পোড়াও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে হেফাজত যে নজির সৃষ্টি করেছে তাতে তাদের কখনোই আর এ দেশের মিত্র ভাবার সুযোগ নেই।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মিজানুর রহমান, থানা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। সভায় উপস্থিত সবার মাঝে করোনা মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
