সুবিধাভোগী কর্মীদের আওয়ামী লীগে দরকার নেই : কাদের

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০১:৩০ এএম

আওয়ামী লীগে ‘সুবিধাভোগী’ কর্মীদের দরকার নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক প্রয়াত মো. শাহজাহানের স্মরণে গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।

বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ^াস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। সুবিধাভোগী কর্মীদের আওয়ামী লীগে দরকার নেই, দরকার শাহজাহানের মতো নিবেদিত কর্মী।’

প্রয়াত শাহজাহানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘তার মতো কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। দুঃসময়ে যখন কেউ থাকবে না, তখন শাহজাহানের মতো নিবেদিতপ্রাণ কর্মীরাই পাশে থাকবে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।’

দেশের সামর্থ্যবান মানুষের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমি দেশের সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানাচ্ছি, করোনার এই দুঃসময়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করুন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহজাহান গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত