ঘুষের ৬ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০১:৩৪ এএম

কক্সবাজারের চকরিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও তার কার্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ঘুষ লেনদেনের প্রায় সাড়ে ৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ওই অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন চকরিয়ার সাব-রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান (৩১) ও অফিস মোহরার দুর্জয় কান্তি পাল (৩৮)। নাহিদুজ্জামানের বাড়ি নাটোরের গুরুদাসপুরের উত্তর নাড়িবাড়ী। আর কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় বাড়ি দুর্জয় কান্তি পালের। অভিযানের সময় অফিস সহকারী শ্যামল বড়–য়া পালিয়ে গেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বেশ কিছুদিন ধরে জমির দলিল সম্পাদনের সময় ঘুষের লেনদেন নিয়ে বেশকিছু অভিযোগ দুদকে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক চট্টগ্রাম কার্যালয় সেখানে অভিযানে যায়।

তিনি আরও জানান, সম্প্রতি রশিদ আহমদ নামে চকরিয়ার এক বাসিন্দার দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রারের নাম ব্যবহার করে তার কার্যালয়ের এক কর্মচারী ঘুষ দাবি করেন। দুদক কর্মকর্তারা অভিযোগকারী ভুক্তভোগী সেবাগ্রহীতাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। এ সময় সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী শ্যামল বড়–য়ার টেবিলের ড্রয়ার থেকে ২ লাখ ৮৯ হাজার ৫৫০ হাজার টাকা এবং মোহরার দুর্জয় কান্তি পালের টেবিলের ড্রয়ার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। পরে সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামানের টেবিলের ড্রয়ার থেকেও ঘুষের ১ লাখ ৯২ হাজার ৫৫০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘জব্দ করা টাকার উৎসের সঠিক ব্যাখ্যা দিতে পারেনি আটক সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামান ও মোহরার দুর্জয় কান্তি পাল। তাই তাদের আটক করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা রাত সাড়ে ৯টার দিকে চকলিয়া সবুজবাগ আবাসিক এলাকার আনোয়ার টাওয়ারের পঞ্চম তলায় সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামানের ভাড়া বাসায়ও অভিযান চালায়। তবে তার বাসভবন থেকে কিছু জব্দ করা হয়েছে কি না তা এখনো জানায়নি দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত