জলি তালুকদারের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন সভাপতির ওপর হামলার অভিযোগ

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০৯:৫৩ পিএম

রাজধানীতে সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাত ৮টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। 

ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীল জানান, সিপিবি নেত্রী জলি তালুকদারের নেতৃত্বে হামলায় অংশ নেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মঞ্জুর মইন, হকার্স নেতা হযরত আলীসহ পাঁচ-ছয়জন।

তিনি বলেন, আমরা আমাদের কার্যালয়ের পাশের গলিতে দাঁড়িয়ে আলাপ করছিলাম। এমন সময় জলি তালুকদার, মঞ্জুর মইন ও হযরত আলীসহ কয়েকজন এসে ছাত্র ইউনিয়ন সভাপতির ওপর হামলা চালায়।  এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।

এদিকে একইদিন বিকেলে ছাত্র ইউনিয়নের কবি নজরুল কলেজের আরেক নেতা জুবায়ের সজলের ওপরও জলি তালুকদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। 

সজল জানান, রবিবার বিকেল ৪টায় ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে আসি এ সময় সিপিবি নেতা মঞ্জুর মঈন পার্টি অফিস থেকে টেনে বের করে মূল সড়কে নিয়ে মারেন।

এ ঘটনায় সিপিবির কোনো নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জলি তালুকদার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি বাসায়। আমি এমন কেন করব। ফয়েজ আমার আদরের ছোট ভাই।

এদিকে এ হামলার ঘটনার পরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে অবস্থান নিয়ে ছাত্র ইউনিয়ন নেতারা বিক্ষোভ করছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত