লিলের কাছে হারের ম্যাচে নেইমারের লাল কার্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০১:১৩ এএম

লিগ ওয়ানে শনিবার পিএসজি-লিলের ম্যাচটি ছিল শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার। দুদলেরই পয়েন্ট ছিল সমান ৬৩। এমন ম্যাচে পিএসজিকে ০-১ গোলে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে লিলে। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরা ম্যাচের শেষ দিকে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন নেইমার।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এ নিয়ে চারবার লাল কার্ড দেখলেন নেইমার। আর এবারের লিগে দ্বিতীয়বার। ফ্রেঞ্চ লিগে এই সময়ে তার চেয়ে বেশি লাল কার্ড দেখেনি কেউ। ম্যাচের ২০ মিনিটে খুঁড়িয়ে চলতে থাকা কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিলে। শেষ পর্যন্ত সেটিই হয় জয়সূচক গোল। নিজেদের মাঠে ২০০৭ সালের পর এই প্রথম টানা তিন লিগ ম্যাচ হারল পিএসজি। ম্যাচের শেষ দিকে নেইমারকে বারবার ফাউল করা হচ্ছিল। ফাউল করায় এগিয়ে ছিলেন ৩৬ মিনিটের সময় হলুদ কার্ড দেখা তিয়াগো জালো। আগে হলুদ কার্ড দেখেছেন নেইমারও। ৯০ মিনিটে ফাউলের শিকার হয়ে মেজাজ হারান নেইমার। প্রতিপক্ষকে ধাক্কা দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। জালোকেও দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।

লাল কার্ড দেখে নেইমার জালো একই সঙ্গে মাঠ ছেড়ে টানেল দিয়ে যাওয়ার সময় ঝগড়া করতে থাকেন। এক পর্যায়ে জালো কিছু একটা বলায় আরও উত্তেজিত হয়ে পড়েন নেইমার। জালোকে মারার জন্য এগিয়ে যান তিনি। জালোও তেড়ে আসেন। শেষ পর্যন্ত কর্মকর্তারা দু’জনকেই আলাদা করে নিয়ে যান।

একই দিনে লেন্সের সঙ্গে ১-১ গোল ড্র করায় দ্বিতীয় স্থানে থাকার সুযোগ হারিয়েছে লিওঁ। মেৎজকে ৪-০ গোলে হারানো মোনাকো ৬২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তিনে। ৬১ পয়েন্টে লিওঁ নেমেছে চারে। 

রোনালদোর গোলে জুভেন্তাসের রক্ষা

টানা দশম সিরি আ শিরোপা জয় থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে জুভেন্তাস। বিশ্বকাপ বাছাইয়ের জন্য বিরতিতে যাওয়ার আগে বেনেভেনতোর সঙ্গে ম্যাচ হেরেছিল জুভেন্তাস। শনিবার মাঠে ফিরে আবার পয়েন্ট হারিয়েছে। হারতেও পারত তারা। ৭৯ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনোর সঙ্গে ২-২ এ ড্র করেছে। দেশের হয়ে সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ন্যায্য গোল না পেয়ে আর্মব্যান্ড ছুড়ে ফেলেছিলেন রোনালদো। শনিবারও তার গোলের পর অফসাইডের ফ্ল্যাগ তোলা হয়েছিল। পরে ভিএআরে গোল দেওয়া হয়। জুভেন্তাস, এসি মিলানের পয়েন্ট হারানোর রাতে বোলোনিয়াকে রোমেলু লুকাকুর গোলে হারিয়ে সিরি আ’র শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে ইন্তার। দ্বিতীয় স্থানে থাকা মিলানের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে (৬৮ পয়েন্টে) তারা। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্টে চারে জুভেন্তাস। সমান পয়েন্টে পাঁচে আছে নাপোলি।

শিরোপার আরও কাছে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার সুবাস পাচ্ছে ম্যানচেস্টার সিটি। শনিবার লেস্টার সিটিকে তাদের মাঠেই ২-০ তে হারিয়েছে ম্যানসিটি। এই জয়ে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্টে শীর্ষে পেপ গার্দিওলার দল। শনিবার পর্যন্ত দ্বিতীয় স্থানের ম্যানইউ’র চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে ছিল সিটি।

শিরোপা নিশ্চিতে সিটির আর ১১ পয়েন্ট বা চারটি জয় চাই। এর মধ্যে যদি ম্যানইউ বা ৫৬ পয়েন্টে তিনে থাকা লেস্টার পয়েন্ট হারায় তবে আরও কম ম্যাচ জয়ে শিরোপা নিশ্চিত হবে সিটির। গার্দিওলা বলেন, ‘লিভারপুলের মুকুটটা দখলে নেওয়ার খুব কাছে আমরা। অন্য যে কোনো প্রতিযোগিতার চেয়ে আমি প্রিমিয়ার লিগটা বেশি পছন্দ করি। এই শিরোপার খুব কাছে।’ লিগে ম্যানসিটির পরবর্তী চার ম্যাচ লিডস ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস ও চেলসির সঙ্গে।

এদিকে এমিরিটসে লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। ম্যাচের ৬৪ ও ৮২ মিনিটে গোল করেন দারুণ ফর্মে থাকা দিয়েগো জোতা। অপর গোলটি (৬৮ মিনিটে) করেন মোহামেদ সালাহ। ৩০ ম্যাচে ৪৯ পয়েন্ট লিভারপুলের।

বড় বাধা পেরোলো বায়ার্ন

বুন্দেসলিগা শিরোপা অক্ষুণœ রাখার পথে বড় একটা জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। খুব কাছের আরবি লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩৮ মিনিটে গোলটি করেন লেওন গোরেজকা। ২৭ ম্যাচে ৬৪ পয়েন্টে শীর্ষেই রইল বায়ার্ন। লাইপজিগের পয়েন্ট ৫৭।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত