রাজশাহীতে রেললাইনে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০২:৪০ পিএম

রাজশাহীতে ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত সোয়া ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসার পথে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি রেললাইনে আটকে পড়া একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে, এতে কেউ হতাহত হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টা ১০ মিনিটে রেলক্রসিংয়ে উঠে ১০ চাকার একটি পাথরবোঝাই বড় ট্রাক বিকল হয়ে যায়।

ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী দিকে আসছিল। ট্রাক চালক ট্রাকটির ইঞ্জিন স্টার্ট দেয়ার চেষ্টা করেন। কিন্তু হয়নি।

এদিকে, ট্রেন আসারও সময় হয়ে যায়। গেটম্যান সিগন্যাল লাইট নিয়ে পশ্চিম দিকে দৌড় দেন। তিনি লাইট জ্বালিয়ে ট্রেনটিকে থামার সংকেত দেন। কিন্তু সফল হননি। রাত ১০টা ১৭ মিনিটে বিকল ট্রাকে সজোরে ধাক্কা দেয় ট্রেন। এরপরই ট্রেনটি সেখানে থেমে যায়।

ট্রেনটি ট্রাককে ঠেলে প্রায় ১৫০ মিটার সামনে নিয়ে যায়। এ সময় ট্রাকের বডির ধাক্কায় রেললাইনের পাশের দুটি বাড়ির কয়েকটি ঘর ভেঙে যায়। তবে ট্রেনের কোন বগি লাইনচ্যুত হয়নি। ট্রেনটি ফাঁকা আসার কারণে কোন হতাহতের ঘটনাও ঘটেনি। ট্রেন আসতে দেখে ট্রাকচালকও ট্রাক থেকে লাফ দিয়ে নেমে যান।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, দুর্ঘটনার পর কাশিয়াডাঙ্গা-আমচত্বর বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটিকে পেছনের দিকে সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রেললাইনের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক পড়ে থাকায় ট্রেন চলাচল ওই সময় সম্ভব হয়নি। রাত তিনটার দিকে রেললাইন থেকে ট্রাকটি সরানো সম্ভব হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত