একটি ফেইসবুক পেজে গত বছর ঘটে যাওয়া পুলিশের গাড়ি ভাঙচুর সংক্রান্ত একটি ভিডিও প্রচার করে গুজব সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার Radiogulistan.com নামে একটি ফেসবুক পেইজ থেকে লকডাউনে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে ওই ভিডিওটি প্রচার করা হয়। সেখানে দেখা যায় কিছু অজ্ঞাত লোক উত্তরা বিভাগের দক্ষিণখান থানাধীন এলাকায় একটি পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করছে।
ডিএমপি নিউজ জানায়, ২০২০ সালের সংঘটিত একটি পুরোনো ভিডিওটি দিয়ে গুজব সৃষ্টি করে জনমনে যে বা যারা আতঙ্ক সৃষ্টির করছে, তাদের ব্যাপারে তদন্ত শুরু করছে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর ১৩ মে দক্ষিণখান কোটবাড়ী এলাকায় অবৈধ ইজি বাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় রাশি আক্তার নামের এক মহিলা ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয় এবং অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে। একপর্যায়ে তার সহযোগীরা এসে পুলিশের একটি গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর আক্রমণ করে। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহতও হয়।
ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা করে। মামলা রুজুর পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
পুরোনো একটি সংবাদকে নতুন শিরোনাম দিয়ে গুজব তৈরির এই ঘটনার বিষয়ে সাইবার ক্রাইম টিম অতি শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
