‘হেফাজতের হামলায়’ আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু: আটক ৪ বিএনপি নেতা

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০৯:৪৫ পিএম

সোনারগাঁয়ে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনায় তার সমর্থকদের মিছিল থেকে চালানো হামলায় আহত রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ (৫৪) মারা গেছেন।

মঙ্গলবার রাত আড়াইটার সময় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মুহিবুল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৩ এপ্রিল) হেফাজত ইসলামের নেতা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন। এর প্রতিবাদে ওই রাতে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। মিছিল থেকে হামলা চালালে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহসহ গুরুতর আহত হন যুবলীগ নেতা আব্দুল জব্বার ও দিলদার আজম লিটন। তাদের উদ্ধার করে উপজেলার একটি ক্লিনিকে নেয়া হ। সেখান থেকে মহিবুল্লাহকে আশঙ্কাকাজনক অবস্থায় নগরীর পার্কভিউ হাসপাতালে নেয়া হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি (তদন্ত) বলেন, হামলায় ঘটনায় পুলিশ ও কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে দু’টি পৃথক মামলা করেছেন। মামলায় বিএনপি, জামায়াত ও হেফাজতের ৬৪ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ১৫০ সহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে। দুই মামলাতেই উপজেলা বিএনপি চারজন নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন প্রধান আসামি ইউনুছ মনি, ফোরকান (৩৫), ইয়াহিয়া (২৮) ও বাবর (৩৭)।

তিনি বলেন, দুই মামলা হত্যা মামলায় রূপান্তর হবে।

স্থানীয় আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মাষ্টার জানান, হেফাজতে তাণ্ডবের জেদ ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ নিহত হওয়ার সংবাদে রাঙ্গুনিয়া থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরজমিনে দেখা গেছে, হেফাজত সন্ত্রাসীদের হামলায় আওয়ামী লীগ নেতা হত্যাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মহিবুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাঙ্গুনিয়া আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত