সুয়ারেজের চোটে আরো বিপাকে আতলেতিকো

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১১:০৫ পিএম

মাসল ইনজুরিতে অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন আতলেতিকো মাদ্রিদের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর তাতে লিগ শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেল দলটি।

মৌসুমের শুরু থেকে দুর্দান্ত গতিতে এগোলেও আতলেতিকোর শিরোপার সম্ভাবনা হুমকির মুখে পড়েছে আগেই। এমন সময় সুয়ারেজের চোট তাদের চিন্তা বাড়াল আরো।

চলতি মৌসুমে সুয়ারেজ আতলেতিকোর সর্বোচ্চ স্কোরার। বুধবার অনুশীলনে চোট পেয়ে ছিটকে যাওয়া এই তারকা এখন পর্যন্ত গোল করেছেন ১৯টি। যা লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ।

আতলেতিকোর পক্ষ থেকে বিবৃতিতে সুয়ারেজের চোটের কথা নিশ্চিত করা হলেও ঠিক কত দিন এই তারকাকে মাঠের বাইরে থাকতে হবে তা বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সুয়ারেজকে।

এদিকে লা লিগার পয়েন্ট টেবিলে আতলেতিকোর ওপর চাপ বেড়েই যাচ্ছে। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত