মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম। গতকাল বুধবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাশেমী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সমাবেশস্থল ও আশপাশের ২০০ গজ এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। হেফাজতের প্রতিবাদ সমাবেশ, করোনার প্রাদুর্ভাব ও সরকারি বিধিনিষেধ পালন বিবেচনায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার কথা জানান সংশ্লিষ্টরা।
সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিবুল হাসান জানান, হেফাজতের প্রতিবাদ সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি ও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে পুলিশের পাঁচ শতাধিক সদস্য মোতায়েন থাকবে। সেখানে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো মূল্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। তা ছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বদাই কঠোর অবস্থানে থাকবে পুলিশ।
