এক সপ্তাহে মেট্রোরেলের ৪৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০২:২৮ পিএম

গত এক সপ্তাহে মেট্রোরেল প্রকল্পের সঙ্গে জড়িত অন্তত ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

অনলাইন সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ কথা জানান।

তিনি জানান, এখন পর্যন্ত প্রকল্পের মোট ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ বাড়লেও প্রকল্পের কাজ সকাল ও বিকেল, দুটি শিফটে ‘পুরোদমে’ চলছে।

প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ দশমিক ৪৯ শতাংশ জানিয়ে এমএএন সিদ্দিক বলেন, ‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের ৮৩ দশমিক ৫২ শতাংশ ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজের ৫৭ দশমিক ৬৮ শতাংশ অগ্রগতি হয়েছে।’

চলতি বছর ডিসেম্বরে প্রকল্পটি চালু করার লক্ষ্যের বিষয়ে তিনি বলেন, সবকিছুই এখন নির্ভর করছে দেশের ও বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত