দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের মেয়েদের

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৬:৪০ পিএম

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়া মেয়েদের মাত্র ৯২ রানে গুটিয়ে দেওয়ার পর ২২ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে নিগার সুলতানা জোত্যির দল।

এদিন বোলিংয়ে রিতু মনি ও নাহিদা আক্তারের সঙ্গে আলো ছড়িয়েছেন সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা রাবেয়া খান। তিনজনই নিয়েছেন ৩টি করে উইকেট। তাতে ৩৩.৩ ওভারেই গুটিয়ে যায় প্রোটিয়া মেয়েরা।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নেকে বোস। ৪৯ বলে ২ চারে সাজান নিজের ইনিংস। আর কোনো ব্যাটার যেতে পারেননি বিশের ঘরে। অ্যান্ড্রি স্টেইন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন। ১৮ রান আসে মিশেলা অ্যান্ড্রুসের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে দ্রুতই ফিরে যান ওপেনার শারমিন সুলতানা (৩)। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানা (১৩) ও ফারজানা হকও (১৬) নিজেদের ইনিংস বড় করতে পারেননি। ফেরেন থিতু হয়ে।

তবে ওপেনার মুর্শিদা খাতুন এক প্রান্তে ছিলেন দুর্দান্ত। ৭১ বলে ৭ চারে ৪৬ রান করে যখন ফেরেন, তখন বাংলাদেশ দল জয়ের খুব কাছে। মুর্শিদা ফিরে যাওয়ার পর রুমানা আহমেদ (২*) ও লতা মন্ডল (৬*) জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ম্যাচসেরা হয়েছেন রাবেয়া খাতুন। রবিবার একই ভেন্যুতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত